নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ইউরোপীয় সংসদের সমর্থন চেয়েছে আওয়ামী লীগ
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এম.ই.পি) বিলি কেলহারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলটি বাংলাদেশে একটি “স্বাভাবিক রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতির” আহ্বান জানিয়েছে। বৈঠকটি সোমবার আয়ারল্যান্ডের কর্কের ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এম.ই.পি ও আয়ারল্যান্ডের সাবেক মন্ত্রী বিলি কেলহার, আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. হাবিবে মিল্লাত, আয়ারল্যান্ড ছাত্র লীগের সভাপতি নোমান চৌধুরী, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা রফিক খান এবং ফিয়ানা ফেইলের ছাত্র শাখার চেয়ারম্যান রাদীন খান।
আলোচনার সময়, আওয়ামী লীগের প্রতিনিধিরা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” মামলায় আটক দলের মন্ত্রী, সাংসদ ও কর্মীদের জামিন মঞ্জুরের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহায়তা চেয়েছেন।
মিল্লাত এম.ই.পি-কে বাংলাদেশের বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ কর্মকর্তা হত্যা, গণ সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, জঙ্গিবাদের উত্থান এবং দায়মুক্তির সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
প্রতিনিধিত্বের অংশ হিসেবে, তিনি কেলহারের কাছে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স (জিসিডিজি) কর্তৃক প্রস্তুতকৃত গবেষণা প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিনিধি দলটি বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সক্রিয় ভূমিকা নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানায়।
জবাবে, কেলহার ইউরোপীয় পার্লামেন্টে এই বিষয়গুলো উত্থাপন করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির অভিপ্রায় ব্যক্ত করেন।