আয়ারল্যান্ডের কর্কে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন

📅 May 17, 2026 👁️ 773 views 🇮🇪 Ireland 🤝 Community
আয়ারল্যান্ডের কর্কে প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন

আয়ারল্যান্ডের কর্ক শহরে প্রবাসী বাংলাদেশীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য বৈশাখী মেলা ও ঈদ বাজার। বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক আয়ারল্যান্ড এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং আসন্ন কুরবানী ঈদের আমেজকে একসঙ্গে তুলে ধরে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, পারিবারিক মিলনমেলা এবং বাংলা সংস্কৃতির উজ্জ্বল উপস্থিতি। কর্কসহ আশপাশের শহর থেকে বিপুলসংখ্যক বাংলাদেশী পরিবার, তরুণ-তরুণী এবং শিশুরা অংশ নেন এই আয়োজনে। আয়োজকদের মতে, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য।
Image 1
অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ
মেলায় দর্শনার্থীদের জন্য ছিল বাহারি দেশীয় খাবারের সমৃদ্ধ আয়োজন। বিভিন্ন ষ্টলে ছিল ঐতিহ্যবাহী বাংলা পিঠা, মিষ্টি, ফুচকা, চটপটি, বিরিয়ানি, কাবাবসহ নানা ধরনের জনপ্রিয় খাবার। প্রবাসে থেকেও দেশের স্বাদ উপভোগ করতে পেরে অনেকেই আনন্দ প্রকাশ করেন। বিশেষ করে ঘরে তৈরি পিঠা ও ঐতিহ্যবাহী মিষ্টির ষ্টলগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বলেন, এমন আয়োজন প্রবাসে বাংলাদেশের উৎসব ও গ্রামের মেলার অনুভূতি ফিরিয়ে আনে। আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে মেলায় ছিল বিভিন্ন ধরনের পোশাক ও ঈদ সামগ্রীর স্টল। নারী, পুরুষ ও শিশুদের জন্য দেশীয় পোশাক, থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, কুর্তা এবং ফ্যাশন সামগ্রীর সমাহার ছিল চোখে পড়ার মতো। প্রবাসী বাংলাদেশীরা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে মেলায় উপস্থিত হন। আয়োজকদের মতে, স্থানীয় কমিউনিটির ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্যও এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় বাংলা গান, আড্ডা এবং পারিবারিক মিলনমেলার মাধ্যমে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত। শিশুদের আনন্দ, প্রবাসীদের হাসি-আড্ডা এবং দেশীয় সংস্কৃতির আবহ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলে।
Image 2
অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ
অনেক প্রবাসী জানান, বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন তাঁদের দেশের প্রতি আবেগ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করে। বিশেষ করে নতুন প্রজন্মের শিশুদের কাছে বাংলা সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক আয়ারল্যান্ড এর সংশ্লিষ্টরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা উল্লেখ করেন। আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি দিন দিন বড় হচ্ছে এবং সেই সঙ্গে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক আয়োজনের চাহিদাও বাড়ছে। প্রবাসে আয়োজিত বৈশাখী মেলা ও ঈদ বাজার শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশীদের পারস্পরিক বন্ধনের এক সুন্দর বহিঃপ্রকাশ।

← Back to Communities